১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আত্মহত্যা প্রতিরোধে সাইকেল শোভাযাত্রা ‘ঐক্যতান’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কেন্দুয়া উপজেলায় ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য ‘এক অশনিবার্তা’ বহন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির বার্তা নিয়ে ‘ঐক্যতান’ শিরোনামে সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে প্রেরক ফাউন্ডেশন।

রোববার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কোটবাড়ী দুর্গ থেকে শুরু হয়ে পাইকুড়া বাজার, নীলাম্বরখিলা হয়ে আবার কোটবাড়ী দুর্গে এসে সমাপ্ত হয় এই শোভাযাত্রা।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কেন্দুয়া উপজেলায় ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য ‘এক অশনিবার্তা’ বহন করে। 

“এই সাইকেল র‍্যালির মূল উদ্দেশ্য ছিল কেন্দুয়া উপজেলার মানুষের মাঝে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপদ আলোচনার পরিবেশ তৈরি, পরিবার ও সমাজে সহমর্মিতা ও সম্পর্ক-সচেতনতা বৃদ্ধি, তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা চাওয়ার প্রবণতাকে উৎসাহিত করা।”

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভুইয়া বলেন, “আত্মহত্যা কোনো ব্যক্তির ব্যর্থতার গল্প নয়। এটি আমাদের সমাজে সহমর্মিতা, পারিবারিক সমর্থন এবং তরুণদের নিরাপদ মানসিক পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হওয়ার প্রতিফলন। আমরা যদি সময়মত একজন মানুষের পাশে দাঁড়াই, তবে একটি কথাও অনেক সময় একটি জীবন বাঁচাতে পারে।

“ঐক্যতান র‍্যালির মাধ্যমে আমরা সেই কথাই সমাজকে মনে করিয়ে দিতে চাই। জীবন কখনো একক সুরে চলে না। কখনো সুর ভাঙে, কখনো তাল হারায়। কিন্তু সুর ভাঙলেই জীবন থেমে যায় না, যদি আমরা একসঙ্গে ঐক্যতান ধরতে পারি।"

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, সাইক্লিং গ্রুপ এবং সচেতন নাগরিকরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।