Published : 23 Mar 2026, 05:33 PM
রোজার ঈদের এক সপ্তাহের ছুটি শেষে মঙ্গলবার আগের সূচিতে খুলছে অফিস-আদালত।
সেদিন থেকে ৯টা-৫টা সূচিতে ফিরছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরছে রোজার আগের সময়ে।
ব্যাংকগুলোতে সকাল ১০টায় শুরু হয়ে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত; আর দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। আর দাপ্তরিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ঈদের পর প্রথম অফিস ধরতে অনেকেই সোমবার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন। ছুটির শেষ দিনে কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।
তবে এখনও এর জন্য ঢাকার সড়কগুলোতে চাপ বাড়েনি। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিরপুর-ফার্মগেট, উত্তরা-মহাখালী সড়ক ও গুলশান-বনানী ঘুরে তুলনামূলক সড়ক ফাঁকা দেখা গেছে। বাসগুলোও থেমে থেমে যাত্রীদের অপেক্ষায় ছিল।
যাত্রীর চাপ কম থাকায় দূরপাল্লার বাসে টিকেট কেটেও অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। যাত্রী কম পাওয়ায় শেষ মুহূর্তে ‘যাত্রা বাতিল’ করেছে কোনো কোনো বাস অপারেটর।
দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পর এখন সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা আসিফ ইসলাম শাওন পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গেছেন বরিশালের গৌরনদীতে।
ছুটি শেষে ফেরার পথে যাত্রী কম থাকায় ভোগান্তিতে পড়েন জানিয়ে তিনি বলেন, “ঢাকা ফেরার টিকেট দুটো ছিল। মানুষ আমি একা। পরিচিত এরে ওরে ফোন দিলাম একসঙ্গে যাওয়ার জন্য কিন্তু কাউকে পেলাম না। বাস ছাড়ার আগ মুহূর্তে কাউন্টারে এসে শুনি যাত্রা বাতিল।

“পরে তারা দুটো টিকিটের টাকা ফেরত দিল। অন্য বাসে একটা টিকেট নিলাম। এবারও পাশের সিট খালি। বিক্রি হয়নি। এই ঈদের বাজারে! ভাবা যায়?”
সরকারি কর্মকর্তা স্ত্রী বাড়তি দুইদিন ছুটিতে থাকায় একাই ফিরছেন শাওন।
অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি দুইদিন ছুটি নিয়েছেন। তাতে করে দুদিন পর ২৬ মার্চের ছুটি এবং শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে পারবেন। এই লম্বা ছুটির কারণে ঢাকায় এখনো ব্যস্ততার ছাপ পড়েনি।
রাজধানীর কর্মজীবীদের অনেকেই ঢাকাতেই ঈদ করেছেন; তারাও অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ব্যবসায় পরামর্শদাতা প্রতিষ্ঠানে কর্মরত আয়শা আক্তার বলেন, “চোখের পলকে ঈদ শেষ। এবার অসুস্থ ছিলাম, ভাইবোনদের সঙ্গেও ঠিকঠাক ছুটি কাটাতে পারিনি। তাও কী করা। অফিস তো করতেই হবে! কাল থেকে আবার পুরনো ছকে চলবে সবকিছু।”
ঈদের আগে ১৬ মার্চ সোমবার ছিল শেষ কর্মদিবস। এবছর রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করে সরকার। শবে কদর ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।