Published : 02 Sep 2026, 02:34 PM
শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ‘সরকারকেন্দ্রিক’ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার কথায়, প্রতিবেশী দুই রাষ্ট্রের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক’।
ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।
পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেওয়া কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার।
জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে বুধবার ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কেও পরিবর্তন এসেছে।
তার কথায়, “শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।”
এ সময় ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়েও কথা বলেন স্পিকার।
তার ভাষ্য, “এসব সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।”
চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, “দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে।”
এ সময় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
ত্রিবেদী বলেন, “দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।”
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর মধ্যে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদান আলোচনায় এসেছে।
হাই কমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।