১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আট বিভাগেই কালবৈশাখীর সতর্কতা, সঙ্গে ভারি বর্ষণ

চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

রাজধানীসহ দেশের আট বিভাগেই বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

একই সঙ্গে আগামী চার দিন দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে; যার ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাত নিয়ে পৃথক দুটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

বৃষ্টি থাকবে

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা চলতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। 

এছাড়াও এ আবহাওয়াবিদ জানিয়েছেন, সর্বশেষ প্রাপ্ত রেকর্ড অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আর সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।