Published : 09 Jul 2026, 01:43 AM
দেশের থানা ও আদালত প্রাঙ্গণে ‘অযত্নে’ পড়ে থাকা লাখ লাখ জব্দ করা আলামত সংরক্ষণে আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি বের করতে ১২ সদস্যের কমিটি করে দিয়েছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিবকে এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটি গঠনের পাশাপাশি আইনি বিধান ব্যবহার করে দ্রুত আলামত নিষ্পত্তির ব্যবস্থা নিতে আইজিপিকে দেশের সব থানায় এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালে সার্কুলার জারিরও নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে আলামত সংরক্ষণে মালখানার অব্যবস্থাপনা নিয়ে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ৩০ অগাস্ট রুল জারি করেছিল আদালত।
ওই মামলায় পুলিশের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের থানা ও আদালতের মালখানায় ১৪ লাখ ২৪ হাজারেরও বেশি জব্দ করা আলামত ও যান অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। জায়গা না থাকায় খোলা আকাশের নিচে পড়ে থেকে এসব সম্পত্তি নষ্ট হচ্ছে।
বুধবার আদেশের পর রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, “কমিটিকে একটি মালখানা ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানুয়াল তৈরি করে আদালতে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ভারতের একটি মডেল এবং কিউআর কোডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উঠে আসবে।”
কমিটিতে পুলিশ, বাংলাদেশ ব্যাংক, বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, নিম্ন আদালত এবং রিটকারীর পক্ষের প্রতিনিধি থাকবেন বলে তথ্য দেন তিনি।