আন্দোলনে আহত ৭ বাংলাদেশিকে চিকিৎসা দেবে তুরস্ক
তবে আহতদের মধ্যে চিকিৎসার জন্য কাদেরকে তুরস্কে পাঠানো হবে তা জানায়নি মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত সাত বাংলাদেশিকে তুরস্কে নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে দেশটির সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে তুরস্ক সরকার।
তবে আহতদের মধ্যে কাদেরকে তুরস্কে পাঠানো হবে তা জানায়নি মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ।
এর মধ্যে ২৭ অগাস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ানের টেলিফোন সংলাপকালে এরদোয়ান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
এর প্রেক্ষিতে তুরস্কের একটি সরকাররি প্রতিনিধিদল গত ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করেন।
এসময় নির্বাচন ব্যবস্থা, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।
