Published : 14 Jun 2026, 08:27 PM
ভারি বৃষ্টিপাতের প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে রোববার সপ্তাহব্যাপী পূর্বাভাসে কেন্দ্র এ তথ্য দিয়েছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারি বৃষ্টিপাতের জন্য সাময়িকভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এক বা দুই দিন পর পানি নেমে স্বাভাবিক হয়ে যেতে পারে পরিস্থিতি। বন্যা বা সেরকম সম্ভাবনা আপাতত নেই।”
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ১৪ থেকে ২১ জুন অথবা কাছাকাছি সময়ে বাংলাদেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এসব স্থানে গত সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং আগামী সাত দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।
ফলে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে সাময়িকভাবে।
উত্তরাঞ্চলীয় রংপুর, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীর পানি সমতল সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও বাড়তে পারে, তবে তা প্রবাহিত হবে বিপৎসীমার নিচ দিয়ে বলে পূর্বাভাসে তুলে ধরেছে কেন্দ্র।
এ সময়ে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।