২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবি শিক্ষক মোনামীর মামলায় ৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাইবার সুরক্ষা আইনে মামলাটি হয়েছে শাহবাগ থানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি বিকৃত করে ফেইসবুকে ছড়ানোর মামলায় আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলার এজাহার আসে। আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

ছবি সম্পাদন করে ‘অশালীনভাবে’ উপস্থাপন করার অভিযোগে সোমবার চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেন মোনামী। 

মামলার আসামিরা হলেন— সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান নামের এক ব্যক্তি।

মামলার বিবরণ অনুযায়ী, বাদীর ছবি অশালীনভাবে সম্পাদন করে ফেইসবুকে পোস্ট করেন আসামি মুজতবা খন্দকার। তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।

আরেক আসামি লেখক মহিউদ্দিন মোহাম্মদ একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বাদীকে ‘যৌন-কল্পনার রসদ’বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

তৃতীয় নম্বর আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেইসবুক পোস্টে বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আরেক আসামি আশফাক হোসাইন ইভান তার ফেইসবুক পোস্টে সম্পাদন করা বাদীর অশালীন ছবি পোস্ট করেন। এসব ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অনেকেই হেনস্তা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে চার আসামির ফেইসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়।

ঢাবি শিক্ষকের 'অশালীনছবি প্রকাশ৪ জনের বিরুদ্ধে মামলা