১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউজিসির নতুন চেয়ারম্যান মামুন আহমেদ

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি।

ইউজিসির নতুন চেয়ারম্যান মামুন আহমেদ
অধ্যাপক মামুন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 06:25 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ইউজিসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি। ইউজিসি চেয়ারম্যান পদে তিনি অধ্যাপক এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। 

‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়। 

১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন। ওই বছরই নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে তার পিএইচডি শেষ হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হয়েছিলেন। 

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব পান।