১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার কাউন্সিলের সনদ ছাড়া ‘কর আইনজীবী’ কেন অবৈধ নয়: হাই কোর্ট

‘পেশাগত অধিকার, আত্মমর্যাদা ও সম্মান রক্ষার্থে’ কয়েক আইনজীবী রিট আবেদনটি করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 01:13 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

বার কাউন্সিলের সনদ ছাড়া ‘কর আইনজীবী’ হিসেবে স্বীকৃতি দেওয়া ইনকাম ট্যাক্স আইনের একটি ধারা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। 

সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছে।

রিটকারীদের একজন মো. তানভীর আহমেদ বলেন, নিজেদের পেশাগত অধিকার, আত্মমর্যাদা ও সম্মান রক্ষার্থে তিনিসহ কয়েক আইনজীবী ‘ইনকাম ট্যাক্স আইন, ২০২৩’ এর একটি ধারাকে চ্যালেঞ্জ করেছেন এই রিট আবেদনে। 

“প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট সন্তুষ্ট হয়ে রুল  জারি করেছেন। এতে ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর ধারা ৩২৭(৩) কেন সংবিধানের সঙ্গে এবং কেন বার কাউন্সিল আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চাওয়া হয়েছে।” 

তিনি বলেন, “এই আইনের ৩২৭(৩)-এ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীসহ আরও কয়েক প্রকারের পেশাজীবীকে ‘কর আইনজীবী’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।” 

এই আইনে কর আইনজীবীর সংজ্ঞায় রয়েছে – 

ক. বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি;

খ. অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট;

গ. অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট;

ঘ. অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ;

(ঙ) উপকর কমিশনারের নিচে নয়, এমন কোনো পদে কমপক্ষে ৫ বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করেছেন এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদ পেয়েছেন; অথবা

(চ) বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত কোনো ব্যক্তি।

এসব বিধান সরাসরি বাংলাদেশ বার কাউন্সিল আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আইনজীবী তানভীর বলেন, “দেশে আইন পেশায় সনদ দেওয়ার একমাত্র আইনগত কর্তৃপক্ষ হলো বাংলাদেশ বার কাউন্সিল এবং বার কাউন্সিল আইনেই আইনজীবী শব্দের সংজ্ঞা নির্ধারিত।” 

কিন্তু ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এ কর আইনজীবী নামে আইনজীবী ছাড়া অন্যান্য পেশাজীবীদেরকে সনদ দেওয়ার মাধ্যমে আইনজীবী পেশার ‘একচ্ছত্র আইনগত কাঠামোকে দুর্বল করা হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। 

রুলের চূড়ান্ত শুনানির সময় বা তার আগে বার কাউন্সিল যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।