১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলোকচিত্রে মণিপুরীদের জীবনধারা

প্রদর্শনীতে মণিপুরী সমাজের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম নান্দনিকতা ও মাধুর্য ফুটিয়ে তোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে নয় দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায়।

শুক্রবার ‘মণিপুরী: এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

তিনজন আলোকচিত্রীর তোলা ১০২টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। তারা হলেন- মো. কাউছার হাবিব সোমেল, মোহা: আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রদর্শনীতে মণিপুরী সমাজের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম নান্দনিকতা ও মাধুর্য ফুটিয়ে তোলা হয়েছে। আকাশ আর সবুজের সমারোহে প্রকৃতির অপূর্ব বিস্তার, গ্রামের আঙিনায় কাজের ব্যস্ততা, নারীদের বয়নচক্রে সুতো কাটা, কৃষিকাজ ও ধর্মীয় প্রস্তুতি আর শিশুদের হাসি–খেলায় গড়ে ওঠা এক প্রশান্ত পরিবেশে প্রদর্শনীতে দেখা যাবে।”

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতজন শংকর সাওজাল, আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী ও আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারির ৪০২ নম্বর কক্ষে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।