মেঘনা ব্যাংকের ইমরানাসহ তিনজনের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ
সিআইডি বলছে, “অবরুদ্ধ করা না হলে এসব শেয়ার বিক্রি করে তারা সহজেই টাকা উত্তোলন করে তা বেহাত করার চেষ্টা করতে পারেন।”
মেঘনা ব্যাংকে ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট’ তিন ব্যক্তির নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন শুনে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার এ আদেশ দেন।
ওই তিন ব্যক্তি হলেন- মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল এবং পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মো. নাফিজুর রহমান এসব শেয়ার অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “তারা পরস্পর যোগসাজশে তাদের অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিদেশে প্রেরণ ও পুনরায় দেশে এনে এবং অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ৫৯ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের শেয়ার ক্রয় করেন।
“অভিযুক্ত মো. আবুল কাসেমের মাধ্যমে মোট ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে এসব টাকা ক্যাশ চেকের মাধ্যমে ইমরানা জামান চৌধুরী ও স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
“জমা করা টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে শেয়ার কেনার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খোলা হয়। পরে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।”
সিআইডি বলছে, “মেঘনা ব্যাংক পিএলসিতে তিন অভিযুক্তের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা না হলে এসব শেয়ার বিক্রি করে তারা সহজেই টাকা উত্তোলন করে তা বেহাত করার চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযুক্তদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।”
