Published : 29 May 2026, 04:14 PM
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে মাঠে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার সংস্থাটি ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাটে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, “ঈদুল আজহার প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও কোরবানির পশু এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুত সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির পশুবর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় শুক্রবারের নির্ধারিত লক্ষ্যমাত্রাও অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক।
অস্থায়ী পশুর হাটের নিয়ম ভঙ্গের বিষয়ে ইজারাদারদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা করাসহ কালোতালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে ডিএসসিসির আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পুরো কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ মনিটরিং টিমও সার্বক্ষণিক কাজ করছে।
পাশাপাশি, নির্দিষ্ট স্থানে পশুর বর্জ্য ফেলা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি।