Published : 11 May 2026, 09:13 PM
বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার ঢাকার নগর ভবন মিলনায়তনে বর্জ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের (পিসিএসপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন বলে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রশাসক বলেন, “বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে।
“বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে। প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে।”
সভায় ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেয়া হয়।