Published : 22 Dec 2025, 06:41 PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
একই নিষেধাজ্ঞা এসেছে তার স্ত্রী ইসরাত জাহান ও সহযোগী আক্তারুজ্জামানের বিরুদ্ধেও।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসাদুজ্জামান হিরু ও অন্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। আসাদুজ্জামান ও অন্যান্য ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারেন। তাই দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
গত ১৬ জানুয়ারি গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।
পরের দিন জুলাই আন্দোলনের সময় বাড্ডায় পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।