Published : 06 Jan 2026, 11:46 PM
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ ছাড়া গত বছর ৭৬ দিন ছুটি কাটিয়েছিলেন শিক্ষার্থীরা; কিন্তু এবার সেই ছুটি পাচ্ছেন ৫৬ দিন।
আর গত বছরের তুলনায় চলতি বছর সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি মাত্র একদিন বেড়েছে। গত বছর কলেজ শিক্ষার্থীরা সাপ্তাহিক বন্ধ ছাড়া ৭১ দিন ছুটি কাটালেও চলতি বছর পাচ্ছেন ৭২ দিন।
গত ২৮ ডিসেম্বর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা অনুমোদন দিলেও তা তখনই প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রোববার সেই ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করা হয়। আর কলেজের ছুটির তালিকা প্রকাশিত হয় গত ৩০ ডিসেম্বর।
তালিকা অনুযায়ী এবার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ২০ দিন ছুটি কমলেও বাস্তবে ‘মোট ছুটি ততোটা কমেনি’ বলে মনে করেন মাধ্যমিক ও উচ্চ বিভাগের মাধ্যমিক অনুবিভাগের সরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাবিনা ইয়াসমিন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরে সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন বন্ধ ছিল। কিন্তু চলতি বছর শবে মিরাজ, সরস্বতী পূজা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমীর মত নয়টি সরকারি ছুটি শুক্র ও শনিবার পড়েছে। সে কারণে ওই ছুটিগুলো মোট ছুটির অঙ্কে যুক্ত হয়নি, ফলে ছুটি কম দেখা যাচ্ছে।
“ছুটির তালিকা অনুসারে চলতি বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৬৪ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে পরা ওই নয়টি সরকারি ছুটি তালিকায় যুক্ত হলে ছুটি হত ৭৩ দিন।”
উপসচিব সাবিনা ইয়াসমিনের ভাষ্য, “সরকারি বিধিবিধান মেনেই ছুটি নির্ধারণ করা হয়েছে। সরকারি হিসাবে কোনো বড় ছুটির মধ্যবর্তী সাপ্তাহিক বন্ধের দিনও ছুটি হিসেবে গণ্য হয়, সে অনুযায়ী বড় ছুটিগুলো, মধ্যবর্তী সাপ্তাহিক বন্ধগুলো মোট ছুটির সঙ্গে যুক্ত হয়েছে।”
ছুটির তালিকায় দেখা গেছে, গত বছর রোজা, জুমাতুল বিদা ও শবে কদর ও ঈদুল ফিতরে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে সাপ্তাহিক বন্ধ ছাড়া ২৮ দিন ছুটি থাকলেও চলতি বছর এ ক্ষেত্রে সাপ্তাহিক বন্ধসহ ১৯ দিন ও সাপ্তাহিক বন্ধ ছাড়া ১৫ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গতবছর ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে স্কুলগুলো সাপ্তাহিক বন্ধ ছাড়া ১৫ দিন ছুটি থাকলেও চলতি বছর এ ক্ষেত্রে সাপ্তাহিক বন্ধসহ ১২ দিন এবং সাপ্তাহিক বন্ধ ছাড়া ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
গত বছর দুর্গাপূজায় এ প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক বন্ধ ছাড়া আট দিন ছুটি থাকলেও চলতি বছর এ ক্ষেত্রে সাপ্তাহিক বন্ধ ছাড়া ৫ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।\
গত বছরের ছুটির তালিকায় সাপ্তাহিক বন্ধ ছাড়া ১১ দিন শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিনের ছুটি থাকলেও চলতি বছর এ ক্ষেত্রে সাপ্তাহিক বন্ধসহ ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু ২৮ জুন, বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর
ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনি, একই শ্রেণির নির্বাচনি ও বার্ষিক পরীক্ষা এবং ফল প্রকাশের তারিখও ঘোষণা করা হয়েছে।
সে অনুযায়ী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ২৯ জুলাই।
২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ১৮ নভেম্বর ফল দেওয়া হবে। অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।
চলতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২০ ডিসেম্বর, ফল প্রকাশ পাবে ৩০ ডিসেম্বর।
ছুটির তালিকায় বলা হয়েছে, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে স্কুল ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মত জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো যথাযোগ্য মর্যাদায় স্কুলে উদযাপন করতে বলা হয়েছে।
কলেজের ছুটি
গত বছরের তুলনায় সরকারি-বেসরকারি কলেজগুলোতে চলতি বছর এক দিন ছুটি বেড়েছে। এ প্রতিষ্ঠানগুলো চলতি বছর সাপ্তাহিক ছুটি ছাড়া ৭২ দিন ছুটি থাকবে। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি আছে তিন দিন।
কলেজের ছুটির তালিকা পর্যালোচনায় দেখা গেছে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকার মত কলেজের তালিকায় একাধিক দিন ছুটির মধ্যবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ মোট ছুটির সঙ্গে যুক্ত হয়নি।
গতবছরের মত চলতি বছরও কলেজগুলো রোজার বেশিরভাগ সময় ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজের ক্ষেত্রে বাকি ছুটিগুলোও গত বছরের আদলে নির্ধারণ করা হয়েছে।
একাদশে ভর্তি ১৫ জুন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করবেন। এর আগে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে ১৫ জুন থেকে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৫ জুন থেকে শুরু হবে, ফল প্রকাশ হবে ১৬ জুলাই।
আর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের নির্বাচনি পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে কলেজগুলোকে নির্দেশ দিয়ে শিক্ষা বোর্ডগুলো বলেছে, ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।