Published : 10 Oct 2025, 12:35 AM
সরকারি কলেজের ৬৮৩ শিক্ষক পদে নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বসছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী।
ঢাকার ১৮৪টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে। প্রতিটি পদের বিপরীতে এই পরীক্ষায় লড়ছেন ৪৬০ জন।
এ পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হতে পারে বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কলেজে শিক্ষক পদে নিয়োগের এ বিসিএসে ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন প্রায় ৪৬০ জন।”
পরীক্ষা পরিচালনার নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রগুলোর প্রবেশ গেইট বন্ধ হয়ে যাবে। কেন্দ্রে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষেধ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই ও মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে।
পরীক্ষা কেন্দ্রে কান খোলা রাখতে হবে। কানে ‘হিয়ারিং এইড’ প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীরা কমিশনের মনোনীত শ্রুতিলেখকের সহযোগিতা নেবেন। দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখকদের ক্ষেত্রে ২০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
এই বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই থেকে ২২ অগাস্ট পর্যন্ত আবেদন চলে।