১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“আমরা জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি।

বৃহস্পতিবার সকালে তথ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী স্বপন বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে।”

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনসের (অফকম) অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, “অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে।”

এক্ষেত্রে তথ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দিয়ে সারাহ কুক অফকমের কার্যক্রম সম্পর্কে আলোচনায় তুলে ধরেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চাই।”

এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও একই সাথে এটি একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।”

তথ্য প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।