Published : 13 Jul 2025, 07:50 PM
চুয়াল্লিশতম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে কারা ইতোমধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তা জানতে চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তথ্য নিতে প্রকাশিত একটি গুগল ফরমে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর সবাইকে এবং নন-ক্যাডার পদে মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা ক্যাডার পদে কর্মরত আছেন, তাদের এ ফরমটি পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ওই ফরমটি পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর সবাইকে এবং নন-ক্যাডার পদে মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা ক্যাডার পদে কর্মরত আছেন, তাদেরকে গুগল ফরমটি পূরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন।
ওই গুগল ফরমে সাধারণ তথ্য চাওয়ার পাশাপাশি প্রার্থী ৩৮ থেকে ৪৩তম বিসিএসের মধ্যে কোনো বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন কি-না এবং বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন কি-না তা জানতে চাওয়া হয়েছে।
মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ৪৪তম বিসিএসের সুপারিশ পেয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আগে থেকেই ক্যাডারে কর্মরত আছেন বলে শোনা যাচ্ছে। তাই কারা ক্যাডারে কর্মরত আছেন তা জানতে প্রার্থীদের তথ্য চাওয়া হয়েছে।
“আগে থেকেই ক্যাডারে কর্মরত থাকা কোনো প্রার্থী যদি ৪৪তম বিসিএসে নতুন করে সুপারিশপ্রাপ্ত হন, তার জায়গায় অন্য প্রার্থীকে সুপারিশ করা যায় কি-না সে বিষয়ে বিধি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আগে থেকেই তথ্য সংগ্রহ করে রাখছি, যাতে বিধি সংশোধন হলে তাদের জায়গায় অন্য যোগ্য প্রার্থীকে দ্রুততম সময়ে সুপারিশ করা যায়।”