১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস

ইইউর ওয়েবসাইটে ইউরোপিয়ান পার্লামেন্টের এই সদস্যের নাম ঘোষণা করে এ জোটের প্রেস দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 01:32 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

লাটভিয়ার রাজনৈতিক ইভার্স ইইয়াবসকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার ইইউর ওয়েবসাইটে ইউরোপিয়ান পার্লামেন্টের এই সদস্যকে ফেব্রুয়ারির নির্বাচন পর্যব্ক্ষেক দলের প্রধান হিসেবে ঘোষণা দেয় এ জোটের প্রেস দপ্তর।

ইইউ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশনের একজন হাই রিপ্রেজেন্টেটিভ ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর অংশ হিসেবে ইভার্স ইইয়াবসকে এ দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গত ২৯ সেপ্টেম্বর বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গত ২৯ সেপ্টেম্বর বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

বাংলাদেশে পর্যবেক্ষণ দলের নেতৃত্ব দেওয়ার কাজকে সম্মানজনক হিসেবে বর্ণনা করে ইভার্স ইইয়াবস বলেন, এ মিশন নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করবে। এ মিশন হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য ইইউর সমর্থনের একটি বাস্তব উদাহরণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের আাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে একটি পর্যবেক্ষণ দল পাঠানো নিয়ে বেশ কিছুদিন থেকে আলোচনা করছে ইইউ।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সফররত ইইউ প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই বৈঠক শেষে বলা হয়েছিল, আগামী সংসদ নির্বাচন দেখতে দেড়শ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।

এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দেয় ইইউ বলে জানিয়েছিলেন ইসির সচিব আখতার আহমেদ।

এর আগে গত ২ ডিসেম্বর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে ‘সন্তোষ প্রকাশ’ করার কথা বলেছেন।

এবারের ভোটে ইইউয়ের বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকবে বলেও তুলে ধরেন তিনি।

ওই বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, “ইইউ সময়মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে। এটা বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ।”

এ নিয়ে ইইউ, ইসি ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার মধ্যে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরের সপ্তাহে ইইউ পর্যবেক্ষক মিশন পাঠানোর ঘোষণা দিল।

ভোটের প্রস্তুতিতে ‘সন্তুষ্ট’ ইইউ, পর্যবেক্ষণে থাকবে বড় দল: রাষ্ট্রদূত মিলার

নির্বাচন পর্যবেক্ষণে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব