১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে মানসিক ও প্রশাসনিক পরিবেশের ‘অভাব’: গণশিক্ষা উপদেষ্টা

“আমরা সেটা দিতে ব্যর্থ হচ্ছি বলেই আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলো নতুন জ্ঞান উৎপন্ন করতে পারছে না,” বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে মানসিক ও প্রশাসনিক পরিবেশের ‘অভাব’: গণশিক্ষা উপদেষ্টা
রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার এক অনুষ্ঠানে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

মানসিক ও প্রশাসনিক পরিবেশের ‘অভাবে’ বিশ্ববিদ্যালয়ে ‘নতুন জ্ঞান উৎপন্ন না হওয়ায়’ বিভিন্ন সূচকে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়ছে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “…যখনই কোনো জ্ঞানকে উৎপন্ন করতে হয়, এর মানে হচ্ছে প্রচলিত জ্ঞান আছে তাকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন। যেটা প্রতিষ্ঠিত তাকে প্রশ্ন করেই নতুন কিছু আসে।

“সেজন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন, একটা হচ্ছে প্রশাসনিক এনভায়রনমেন্ট আরেকটা হচ্ছে মানসিক এনভায়রনমেন্ট, সেটা বিশ্ববিদ্যালয়ে থাকা প্রয়োজন। আমরা সেটা দিতে ব্যর্থ হচ্ছি বলেই আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলো নতুন জ্ঞান উৎপন্ন করতে পারছে না। এজন্য বিভিন্ন ইন্ডিকেটর (সূচক) দেখি পিছিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন। এসব শিক্ষার একটি অংশ হওয়া দরকার। নৈতিকতার মানে সঙ্গে যারা আছে তাদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, পরিবেশের প্রতি মমত্ববোধ। দায়িত্ববোধ এসব শিশু বয়সে আয়ত্ত করা প্রয়োজন। তাহলে আশা করতে পারি ভবিষ্যতে শিশু এদিকে ধাবিত হবে।”

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলেন গণশিক্ষা উপদেষ্টা। 

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শফিউল আজম, শিক্ষক ঐক্য জোটের নেতা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার, সদস্য মাসুম বিল্লাহ ও গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান উপস্থিত ছিলেন।