১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে গতি আসবে: স্থানীয় সরকারমন্ত্রী

পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মনে করেন মির্জা ফখরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 11:36 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) সঙ্গে সরকারের যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তার মতে, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। 

এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সিরডাপের মহাপরিচালক পি চন্দ্র শেখরার সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ আশ্বাস দেন।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিস্তারিত আলোচনা হয়। 

উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলে সাক্ষাৎ শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাক্ষাৎকালে সিরডাপ মহাপরিচালক বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে তুলে ধরেন তিনি।

বৈঠককালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।