১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের জন্য দোয়া প্রধানমন্ত্রীর

তিনি তার মন্ত্রিসভা, দল এবং জিয়া পরিবারের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 11:55 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাসস লিখেছে, প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পরপরই শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রথার বাইরে গিয়ে শহীদ মিনার প্রাঙ্গণেই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।

দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করা হয়।

এর আগে রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দোয়া শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভা, দল এবং জিয়া পরিবারের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।