Published : 24 Jul 2025, 06:30 PM
ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সহযোগিতার ‘হাত বাড়িয়ে’ দেওয়া সবাইকে ‘আন্তরিক কৃতজ্ঞতা’ জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি বলেছে, “দুর্ঘটনার প্রথম থেকে এ পর্যন্ত উদ্ধার, যোগাযোগ, সেবা, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে যারা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেসব ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
"আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি, যারা মর্মান্তিক এ ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সবার দৃষ্টিগোচর করেছেন।"
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩০ জনই স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী কিংবা অভিভাবক।
মর্মান্তিক এ ঘটনার বিষয়ে বৃহস্পতিবার নিজেদের বক্তব্য তুলে ধরে মাইলস্টোন কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়, “এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন।”
মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে, "২২ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শুধু এ প্রতিষ্ঠানে নিহত, আহত ও নিখোঁজের তথ্য তুলে ধরছে।
“কর্তৃপক্ষের তথ্য হালনাগাদকরণের কাজ চলমান। এই দুঃখজনক ঘটনায় হতাহতের সর্বমোট সংখ্যা তুলে ধরছে আইএসপিআর।"
দুপুর ১টা ১২ থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা তুলে ধরে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে, "বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।"
দুর্ঘটনায় নিহতদের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে আহতদের চিকিৎসাসহ সব প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ।