Published : 28 Apr 2026, 08:25 PM
তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণখাত, জাহাজ নির্মাণ, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাদের মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাকারিয়া তাহের রাষ্ট্রদূতকে বলেন, “বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সেই লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
“আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগনীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।”
জবাবে রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় সম্পর্ক আছে। বাংলাদেশে বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।”
রাষ্ট্রদূত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠেয় ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।