১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত কমিশন করল সরকার

ভয়াবহ এ দুর্ঘটনার ছয় দিন পর গঠিত কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত কমিশন করল সরকার
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিশন করেছে সরকার।

সাবেক সচিব এ কে এম জাফর উল্লাহ খানকে প্রধান করে গঠিত তদন্ত কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার ছয় দিন পর রোববার গঠিত এ কমিশনের অন্য সদস্যরা হলেন- প্রাক্তন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন ওই দুর্ঘটনার প্রেক্ষিত, কারণ ও দায়দায়িত্ব উদ্ঘাটন করবে। এ ঘটনায় স্কুলের ছাত্র, শিক্ষক ও অন্যান্যদের জীবনহানি ও গুরুতর আহত হওয়ার বিষয়সহ সব ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চিহ্নিত করবে।

একই সঙ্গে বিমানবন্দরের অতি নিকটবর্তী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও অপরাপর স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের অবস্থানের সঠিকতা ও নিরাপদ পরিচালন বিষয়ে সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক বিষয়গুলোও পরীক্ষা করবে কমিশন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৩৪ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচে ও ১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনা তদন্তে বিমান বাহিনী একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার পরদিন ২২ জুলাই স্কুল ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত, আহত ও নিখোঁজের 'প্রকৃত সংখ্যা' নির্ধারণে কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

এরপর এ বিষয়ে সরকার এ কমিশন গঠন করল। এটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন কারণসহ অন্যসব বিষয় অনুসন্ধানের পাশাপাশি এমন দুর্ঘটনা প্রতিরোধ, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশ দেবে।

এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ দিতে বলা হয়েছে কমিশনকে।

রাজধানীতে বিমানঘাঁটি 'অত্যাবশ্যক': বিমানবাহিনী

নিহতআহত ও নিখোঁজের 'প্রকৃত সংখ্যানির্ধারণে মাইলস্টোনে কমিটি