Published : 14 Feb 2026, 01:41 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল ‘শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ’ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার এক বার্তায় তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনি প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি ‘স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে’।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে ‘গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা’ দিয়েছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল-উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।”
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রত্যাশা করি, আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমনটাই আমাদের আকাঙ্ক্ষা।”
জাতীয় ঐক্যের বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে যে ভূমিকা রাখা হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তার বিশ্বাস।
তিনি বলেন, “আমি মহান আল্লাহ তায়ালার কাছে আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।”
সংসদ নির্বাচনের দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয় বৃহস্পতিবার। অনুষ্ঠিত হয়েছে গণভোটও। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করেছে। আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রামের দুটি আসনের ফল দেওয়া হবে পরে। আর জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে দেওয়া ফলাফল অনুযায়ী, ২০৯ আসনে জিতেছে বিএনপি। প্রধান বিরোধী দল হিসেবে তারা পাচ্ছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতকে; এই দলটি ৬৮ আসন।
নির্বাচিত সংসদ সদস্যদের সোম-মঙ্গলবারের মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।