১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আর কত মারা গেলে অস্বস্তিবোধ করবেন’, সড়কমন্ত্রীকে প্রশ্ন জামায়াত এমপির

এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় ‘বেশি স্বস্তিদায়ক’ হয়েছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:42 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

এবারের ঈদযাত্রা ‘স্বস্তিদায়ক’ ছিল বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে সংসদে তার প্রতি প্রশ্ন তুলেছেন জামায়াতের এমপি সাইফুল আলম মিলন।

মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আমার প্রশ্ন হল, আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?”

সাইফুল আলম বলেন, “গতকালকে (রোববার) সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ঈদযাত্রায় স্বস্তি ছিল। কিন্তু ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই।

“বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে। আর যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ৩৭০ বলা হয়েছে।”

এরপর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সড়কমন্ত্রী বললেন স্বস্তির যাত্রা ছিল।”

সোমবার সংসদের অধিবেশনে ‘পয়েন্ট অব অর্ডারে’ অংশ নিয়ে ঢাকা-১২ আসনের এ এমপি কথা বলেন।

আগের দিন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম তার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় ‘বেশি স্বস্তিদায়ক’ হয়েছে।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতের এমপি সাইফুল আলম বলেন, “দৌলতদিয়ায় এত মানুষ মারা গেলেও সড়ক পরিবহন মন্ত্রী সেখানে যাননি। ওখানে যারা মারা গেছেন, তাদের মাত্র ২৫ হাজার টাকা…। জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা। আহতদের জন্য ১৫ হাজার টাকা।”

সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের পদত্যাগের প্রশ্নও তোলেন সাইফুল আলম।

তিনি বলেন, “আমরা তো ওয়েস্ট মিনস্টার সংসদীয় (প্রক্রিয়া) ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগের করবেন কিনা, তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা।”