১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার বিভাগে কালবৈশাখী, তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস, কমবে গরম

কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

চার বিভাগে কালবৈশাখী, তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস, কমবে গরম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 07:43 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ঢাকাসহ দেশের চার বিভাগে কালবৈশাখী ঝড় এবং তিন বিভাগে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পাশাপাশি ঢাকা, রাজশাহীসহ পাঁচ বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় গরমও কমে আসবে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বিভাগে ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে, ঢাকা এবং তার আশপাশের এলাকায় বৃষ্টিপাত হলেও ভারি বৃষ্টিপাত হবে না।”

একইদিনে ভারি বৃষ্টিপাতজনিত এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতিভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

গরম কমবে

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস মিলেছে।

এছাড়া দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলা ও খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এদিন সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা দিনাজপুরে ও সিলেটের শ্রীমঙ্গলে ২০ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ১২৭ মিলিমিটার। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে ৪৭, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরে ৩৩, কুড়িগ্রামের রাজারহাটে ৩১ ও শ্রীমঙ্গলে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।