আইনজীবীর পোশাকে টিকটক ভিডিও, সতর্ক করল বার কাউন্সিল
“আইনজীবীদের এ ধরনের কাজ পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থি,” বলছে বার কাউন্সিল।
আইনজীবীদের তাদের পোশাক পরে টিকটক ভিডিও কিংবা বিনোদনমূলক কনটেন্ট তৈরি না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
এসব কাজকে ‘পেশাগত শিষ্টাচারের পরিপন্থি’ বর্ণনা করে কাউন্সিল বলছে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চোখে পড়লে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু আইনজীবী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন টিকটক, ফেইসবুক রিলস, ইনস্টাগ্রামে আইনজীবীর পোশাক পরে বিচিত্র অঙ্গভঙ্গি, বিনোদনমূলক ভিডিও এবং অন্যান্য অনুপযুক্ত কনটেন্ট, ছবি প্রকাশ করছেন।
“আইনজীবীদের এ ধরনের কাজ পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থি এবং সরাসরি ‘ক্যানন্স অব প্রফেশনাল কনডাক্ট অ্যান্ড এটিকেট’ (আইনজীবীদের পেশাগত আচরণবিধি ও নৈতিকতার নির্দেশিকা) এর লঙ্ঘন।”
বার কাউন্সিল বলেছে, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা অনুযায়ী সর্বদা পেশার মর্যাদা রক্ষা করা একজন আইনজীবীর আবশ্যকীয় কর্তব্য। আইনজীবীর আচরণ সর্বদা শালীন, মর্যাদাপূর্ণ ও পেশাগত হওয়া বাঞ্ছনীয়।
