২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

সোয়া চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

দেশে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 12:07 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

প্রবাসীদের দেওয়া ভোটের প্রায় সোয়া চার লাখ ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ফিরেছে।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, ইতোমধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী।

তাদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে বলেছে কমিশন। দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি গণনায় আসবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এজন্য শনিবার সকাল পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। 

এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। যাদের ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটদান শেষ করেছেন এবং তাদের মধ্যে ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটদান শেষে ডাক অফিস বা বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।