১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণা করা উচিৎ: নাতনি খিলখিল কাজী

"রচনাবলি আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, কাজটি করা উচিত।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে সরকারের পক্ষ থেকে ‘নজরুল বর্ষ’ ঘোষণাকে অত্যন্ত আনন্দের বিষয় হিসেবে দেখলেও এদিনে ছুটি না থাকায় আক্ষেপ করেছেন কবির নাতনি খিলখিল কাজী।

প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনো দিনটির তাৎপর্য সম্পর্কে পুরোপুরি সচেতন না থাকার প্রসঙ্গ টেনে তিনি এ দিনটিতে ছুটি ঘোষণা করা 'উচিৎ' বলেও দাবি করেছেন তিনি।

কবি নাতনির ভাষ্য, "সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছে, তারা কিন্তু অনেকেই জানে না যে কবির জন্মদিন আজকে, যতক্ষণ না তারা টেলিভিশন দেখছে বা রেডিওতে শুনছে।

"তাই আমার মনে হয় আজকের দিনটি ছুটি ঘোষণা করা উচিত।"

পাশাপাশি নজরুলের দর্শনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনুবাদের কথা বলেন তিনি।

খিলখিল কাজী বলেন, "রচনাবলি আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেটা অনুবাদ করা উচিত। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়।"

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন তিনি। 

খিলখিল কাজী বর্তমান স্কুল-কলেজের পাঠ্যক্রমে তার কবির পুরো জীবন তুলে ধরার দাবি তোলেন। 

তিনি বলেন, "কয়েকটা কবিতা ছড়াতেই তো গোটা নজরুলকে জানানো হয় না। আমার মনে হয় গোটা নজরুলকে জানাতে হলে তার প্রতিটি স্কুল কলেজে ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টেন, ইলেভেন পর্যন্ত কবির পুরো জীবনটা যাতে তাদের পড়ানো হয়।" 

এছাড়া স্কুলগুলোতে নজরুলে সংগ্রামমূলক গানগুলো শেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

এদিন কবির সমাধিতে বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছেন।

বিএনপির তরফ থেকে শ্রদ্ধা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো.রুহুল কবির রিজভী।

শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল।"

তার দ্রোহ, সাম্য ও মানবতার বাণী বহন করা সাহিত্য ও সাহিত্যকর্ম কেবল এ দেশ নয় বরং উপমহাদেশের মুক্তির সকল আন্দোলনে আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে বলে তিনি তুলে ধরেন।

কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’।

ঢাবিতে জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন, সমাধিতে ফুলেল শ্রদ্ধা