১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমির হামজার আলোকচিত্রে 'দিদারুলের জানাজা' টাইম ম্যাগাজিনের ১০০ ছবির তালিকায়

“আমাদের জাতির গল্প এবং আমাদের প্রাণবন্ত ডায়াস্পোরার গল্প বিশ্বমঞ্চে মর্যাদা ও বৈশ্বিক প্রতিধ্বনির সঙ্গে উপস্থাপিত হচ্ছে।”

আমির হামজার আলোকচিত্রে 'দিদারুলের জানাজা' টাইম ম্যাগাজিনের ১০০ ছবির তালিকায়
টাইম ম্যাগাজিনের এ বছরের ‘সেরা ১০০ ছবির তালিকা’য় আমির হামজার আলোকচিত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

আলোকচিত্রী আমির হামজার একটি আলোকচিত্র টাইম ম্যাগাজিনের এ বছরের ‘সেরা ১০০ ছবির তালিকা’য় স্থান পেয়েছে। 

নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজার দৃশ্য এসেছে সেই ছবিতে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই স্বীকৃতি শুধু আমির হামজার অসাধারণ শিল্প-দৃষ্টিভঙ্গির প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্যও এক গর্বের মুহূর্ত। কারণ, আমাদের জাতির গল্প এবং আমাদের প্রাণবন্ত ডায়াস্পোরার গল্প বিশ্বমঞ্চে মর্যাদা ও বৈশ্বিক প্রতিধ্বনির সঙ্গে উপস্থাপিত হচ্ছে।”

দীর্ঘদিন ধরে বাংলাদেশি আলোকচিত্রীরা বিশ্বমঞ্চে ‘সম্মানজনক অবস্থান ধরে রাখায়’ গর্বিত হওয়ার কথাও বলেন উপদেষ্টা।

আমির হামজার আগে আলোকচিত্রী কে এম আসাদ, তাসলিমা আখতার ও মুনীরুজ্জামানের আলোকচিত্র টাইম ম্যাগাজিনের ‘হানড্রেড ফটোস অব দ্য ইয়ার’-এ স্থান পেয়েছিল। 

আরো অনেক বাংলাদেশি আলোকচিত্রীও `ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের’ মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন, যা দেশের নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করছে বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।

ফারুকী বলেন, “আসুন আমরা বাংলাদেশের ফটোগ্রাফির এই অসাধারণ মুহূর্ত উদযাপন করি এবং আমি আবারো মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি–আমরা সব ধরনের শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমির হামজাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি—বাংলাদেশি ফটোগ্রাফাররা বিশ্বমঞ্চে আরো উজ্জ্বল হয়ে উঠবেন।”