১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু রোগী বেশি হলে 'যেমনে পারি ডাক্তার দেব, মানুষ বাঁচাতে হবে': স্বাস্থ্যমন্ত্রী

“আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ডেঙ্গুর প্রটোকল মেইনটেইন করবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 03:09 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে সচেতন থাকতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

ডেঙ্গু রোগী বেশি হলে অতিরিক্ত চিকিৎসক নিয়োজিত করা হবে বলেও আশ্বাসও দিয়েছেন তিনি। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে 'ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব' আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, "আমরার একটাই কথা, একটাকে (হাম) সবাই মিলে মোকাবিলা করতেছি। অনেকটা এগোচ্ছি, আরেকটা আসতেছে। ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ডেঙ্গুর প্রটোকল মেইনটেইন করা…। 

“আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে। সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলো বলেছে; এন্টিবায়োটিক না দেওয়া বা প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকের সাথে সাথে ফ্লুয়িড দেওয়া, যাতে করে শকে না চলে যায়। এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের বলবেন যাতে করে রোগীদের উপর নির্দিষ্ট নজর যাতে রাখে।”

পরিস্থিতি বেগতিক হলে অতিরিক্ত চিকিৎসক দেওয়ার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

"যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবেন। আমরা যেমনে পারি ডাক্তার দেব। প্রয়োজনে আপনাদেরকেও বাইটা দিয়ে দিব। তবুও আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে।"

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ড্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 

জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।"

তিনি জিয়াউর রহমান এবং তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক  মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বর্তমান মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।