১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রা: বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে রোববার ছাড়বে লঞ্চ

“যাত্রীসেবায় কোনো অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না,” বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:14 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

নৌপথে ঈদযাত্রায় সদরঘাটের ওপর চাপ কমাতে রোববার থেকে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে।

এর আগের দিন শনিবার সদরঘাট ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।”

যাত্রী হয়রানি কমাতে ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন ‘ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবা’ এর ব্যবস্থা করা হয়েছে। বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ারের ব্যবস্থাও করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, “যাত্রীসেবায় কোনো অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।”