১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণভোট নিয়ে আইন ৩-৪ দিনের মধ্যে: আসিফ নজরুল

আইন না হওয়ায় গণভোট নিয়ে নিজেদের পরিকল্পনা সাজানো যাচ্ছে না বলে নির্বাচন  কমিশনের তরফে বলা হচ্ছে।

গণভোট নিয়ে আইন ৩-৪ দিনের মধ্যে: আসিফ নজরুল
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, সে বিষয়ে তিন-চার দিনের মধ্যে আইন করে ফেলার তথ্য দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।  

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। 

তিনি বলেন, “গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহে করে ফেলব। 

“ধরেন, আজ কী বার, বৃহস্পতিবার বার তো? ধরেন আগামী তিন-চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

কিন্তু সেই গণভোট নিয়ে এখনও অধ্যাদেশ জারি হয়নি। আর অধ্যাদেশ জারি না হওয়ায় গণভোট নিয়ে নিজেদের করণীয় নির্ধারণ করা যাচ্ছে না বলে নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে। 

বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে গণভোটের প্রস্তুতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 

সেখানে তিনি বলেন, “অধ্যাদেশটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার। কিন্তু রাজনীতিকরা অনেকে জিজ্ঞাসা করছেন, কীভাবে করবেন, কীভাবে এগুলোর জবাব দেবেন, কতটা বাক্স করবেন। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব আমরা অধ্যাদেশটা হওয়ার পর।”