১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্ট এলাকায় ড্রামে পাওয়া লাশটি বদরগঞ্জের আশরাফুলের

“সোমবার আসি ইউনিয়ন পরিষদ থাকি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গেছে; খুব ভালো ছেলেটা,” বলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ঢাকায় হাই কোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে যে ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে তার পরিচয় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে পরিচয় শনাক্ত করে পুলিশ বলছে, লাশটি আশরাফুল হক নামে এক ব্যক্তির। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম বলেন, আশরাফুল আগে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির ব্যবসা করতেন। কয়েক বছর ধরে গ্রামেই থাকতেন।

চেয়ারম্যানের ভাষ্য, “গত সোমবার আসি ইউনিয়ন পরিষদ থাকি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গেছে। খুব ভালো ছেলেটা, এরকম কেন হল কায় জানে।”

গোপালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজার রহমান বলেন, “ও এখন জমিজমা কেনাবেচা করত। দুইটা ছেলে-মেয়ে আছে। গ্রামেই থাকে। সোমবার পরিষদে আসছিল, ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গেল। ঢাকায় ও গেল কবে তাও তো জানি না।”

বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেইটের কাছে নীল ড্রামের ভেতরে রাখা লাশের কয়েক টুকরো উদ্ধার করা হয়। ড্রাম দুটি পড়েছিল অনেক সময় ধরে। সন্ধ্যায় সেটি খুলতেই হইচই পড়ে যায়।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, “পরিত্যাক্ত নীল রঙের দুটি ড্রাম দেখে সন্দেহ হয়। পরে খুলে দেখা যায়, একটিতে চাল অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ।

“লাশের মাথার অংশটুকু স্পষ্ট বোঝা যায়। মুখে দাঁড়িও রয়েছে।”

হাই কোর্টের কাছে ড্রামে মিলল খণ্ডিত লাশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন ছিল বৃহস্পতিবার। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে। ফলে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। হাই কোর্টের সামনে ও পুরো এলাকাতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর কড়া নজরদারি চলে।

এ অবস্থার মধ্যেই লাশ ও চালের ড্রাম দুটি হাই কোর্ট এলাকাতে পড়েছিল। দুপুরেও স্থানীয় লোকজন সেটি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশ ডাকেন।