২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

চার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 05:24 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ঢাকাসহ চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার থেকে আগামী দুদিন প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ৭৫ শতাংশ এলাকাজুড়ে বৃষ্টি হতে পারে।”

তাপমাত্রা নিয়ে তিনি বলেন, “আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। ২৮ মের পর তাপমাত্রা কমতে পারে।”

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করে অধিদপ্তর বলছে, দেশের দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।