Published : 20 Apr 2026, 07:07 PM
দেশের নিম্নবিত্তের জনগোষ্ঠীর যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার সচেতনতার বিষয়গুলো উলে এল রাজধানীতে এক আলোকচিত্র প্রদর্শনীতে।
সোমবার বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ প্রদর্শনীতে শহুরে নিম্ন আয়ের পরিবারের কিশোর-কিশোরী ও নারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা ও লিঙ্গ সহিংসতার মত বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়।
‘সাইলেন্ট ফ্রেমস, লাউড ভয়েসেস: কমিউনিটির চোখে এসআরএইচআর’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকার বিভিন্ন এলাকার তরুণ স্বেচ্ছাসেবীর সংগৃহীত ১৬টি ছবি; ছবিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বাস্তব গল্প।

‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ অর্থায়ন ও ‘হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার’ সহযোগিতায় এ প্রদর্শনী আয়োজন করে ‘আইপাস বাংলাদেশ’ ও এর সহযোগী সংস্থাগুলো। প্রদর্শনী চলাকালে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন স্বেচ্ছাসেবীরা এবং ছবির পেছনের গল্পও তুলে ধরেন।
প্রদর্শনীতে তরুণ স্বেচ্ছাসেবীরা ‘ভুলের মাশুল’ শিরোনামে একটি সচেতনতামূলক নাটকও পরিবেশন করেন।
ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিং প্রদর্শনী ঘুরে দেখেন।

তিনি বলেন, “এখানে প্রদর্শিত ছবি ও গল্পগুলো সৎ, সাহসী এবং গভীর মানবিক। এগুলো নীরবতা ও সামাজিক কুসংস্কারকে সামনে নিয়ে আসে এবং আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
“এই উদ্যোগ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারকে জেন্ডার সমতা ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে এগিয়ে নিতে কানাডার অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
প্রদর্শনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফী আহমদ কমিউনিটি ভিত্তিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
‘ইয়ুথভিত্তিক এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্পের আওতায় ২০২১ সাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিম্ন আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে ‘আইপাস বাংলাদেশ’ ও এর সহযোগী সংস্থা ‘বাপসা’, ‘আরএইচস্টেপ’, ‘ওজিএসবি’ এবং ‘সিরাক বাংলাদেশ’।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভীন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবাইদা বেগম, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদ রুবায়েত, ‘ইয়ুথভিত্তিক এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্প পরিচালক জিয়াউল আহসান ও সিনিয়র অ্যাডভাইজার (কমিউনিকেশন অ্যান্ড এসবিসি) মো. এখলাস উদ্দিন, সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত ও বাপসার নির্বাহী পরিচালক মো. আলতাফ হোসেনও উপস্থিত ছিলেন।