২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘টিভি সিরিয়াল দেখে’ ছিনতাই দল গঠন

এ দলে দশ বছর বয়সী শিশুও আছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 05:40 PM

Updated : 22 Dec 2023, 05:52 PM

রাজধানীতে শাকিল নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, ‘টেলিভিশনে সিরিয়াল দেখে’ এ তরুণ ছিনতাইয়ের জন্য দল গড়ে তুলেছেন। 

১৮ বছর বয়সী শাকিলের দলে দশ বছর বয়সী শিশুও আছে বলে পুলিশের ভাষ্য। 

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেছেন, বৃহস্পতিবার রাতে বনানী সাততলা বস্তি থেকে শাকিলকে গ্রেপ্তার করার সময় তার কাছে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 

“শাকিল তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী। সে নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে চার সদস্য রয়েছে। বাকিদের বয়স বড়জোর দশ বছর হবে।” 

‘টিভি সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে’ শাকিল নিজেই ছিনতাইয়ের দল গড়ে তোলে জানিয়ে তিনি বলেন, কয়েকবার ছিনতাই করে সেই টাকা দিয়েই নিজেদের জন্য ছুরি কেনে শাকিল। 

ছিনতাইকারী দলটির প্রধান এর আগেও গ্রেপ্তার হয়েছেন জানিয়ে ওসি মহসীন বলেন, “শাকিলের দল নির্জন কোনো স্থানে ওঁৎ পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে চারজন মিলে জাপটে ধরে। দুইজন হাত, একজন গলা চেপে ধরে, বাকিজন পেটে ছুরি ধরে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়।” 

গত ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল এভিয়েশন স্কুলের সামনে একই কায়দায় তারা ছিনতাই করে জানিয়ে পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, শাকিলের বিরুদ্ধে তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে।