Published : 28 Sep 2025, 08:40 PM
সাইফ পাওয়ারটেক থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের উপসহকারী পরিচালক রুবেল হোসেন রোববার দুদকের জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী ছাড়া তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে আসামি করা হয়েছে।
এছাড়া ইউসিবির সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো. আব্দুল আজীজ, ক্লাসিক ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মিছাবাহুল, ক্রিসেন্ট ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিং স্বত্ত্বাধিকারী মো. ফরিদ উদ্দিনের নাম রয়েছে আসামির তালিকায়।
এজাহারে বলা হয়েছে, “আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সাইফ পাওয়ারটেক লি. এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে। এ অর্থ পরে বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়েছে।”
দুদকের নথি বলছে, ২০২০ সালের অগাগস্টে ইউসিবির মহাখালী শাখায় চলতি হিসাব খুলে ঋণের আবেদন করে দুটি কোম্পানি। পরে বোর্ড সভায় ১৭৪ কোটি ৮০ লাখ টাকার ঋণ অনুমোদন করা হয়। অনুমোদনের পর সাইফ পাওয়ারটেক লিমিটেডের হিসাবে মোট ৬৮ কোটি টাকা জমা হয়।
“ঋণ গ্রহণের পর সাইফ পাওয়ারটেক লিমিটেডকে সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে পাঁচটি বেনামী প্রতিষ্ঠানের মাধ্যমে (ক্লাসিক ট্রেডিং, ক্রিসেন্ট ট্রেডার্স, মডেল ট্রেডিং, রেডিয়াস ট্রেডিং ও ইমিন্যান্ট ট্রেডার্স) ২০ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করতে বাধ্য করা হয়। একইভাবে, ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি-কে ২১ কোটি ২৫ লাখ টাকা দিতে বাধ্য করা হয়। পণ্য সরবরাহ ছাড়াই এই অর্থ হাতিয়ে নেওয়া হয়।”
এজাহারে বলা হয়, “ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন এবং ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক হিসেবে সাইফুজ্জামান তার প্রভাব খাটান। তার স্ত্রী রুকমীলা জামানকে ব্যাংকের চেয়ারম্যান পদে বসিয়ে গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের পথ তৈরি করেন। বাস্তবে ব্যাংকের কার্যক্রম তিনি নিজেই নিয়ন্ত্রণ করতেন এবং কর্মকর্তাদের নির্দেশ দিতেন।
“এই অপরাধমূলক কর্মকাণ্ডে আরামিট গ্রুপের দুই কর্মকর্তা—সিওও সৈয়দ কামরুজ্জামান ও কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল আজিজ—সহ আরও কয়েকজন সহযোগী ছিলেন। এদের মধ্যে রয়েছেন ক্লাসিক ট্রেডিং-এর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিং-এর মোহাম্মদ মিছাবাহুল আলম, রেডিয়াস ট্রেডিং-এর মো. ফরিদ উদ্দিন এবং মার্কেটিং সহকারী মো. ইয়াছিনুর রহমান।”
দুদকের মামলায় বলা হয়েছে, ইউসিবিএল এর বিভিন্ন শাখার গ্রাহকদের কাছ থেকে মোট ২১৩ কোটি ৭৫ লাখ টাকা ‘ঘুষ’ নেওয়া হয়, যার মধ্যে সাইফ পাওয়ারটেক ও ই-ইঞ্জিনিয়ারিং থেকে আদায় করা হয়েছে ৪১ কোটি ৭৫ লাখ টাকা।