Published : 17 Jul 2026, 04:21 PM
লঘুচাপের প্রভাবে চার সমুদ্র বন্দরের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমুদ্রবন্দরগুলোতে আগামীকাল পর্যন্ত সতর্ক সংকেত বহাল থাকবে। লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও পাশের বিহার—এই তিন স্থানের মাঝামাঝিতে অবস্থান করছে। কিছুটা দুর্বল হলেও লঘুচাপ সক্রিয় আছে এসব এলাকায়।”
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরগুলোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও আশপাশে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।