০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যানের মরদেহ ঢাকায়, রাতেই দাফন

আমিনবাজারের হিজলা গ্রামে মা-বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 11:42 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বাস অপারেটর কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন মরদেহ দিল্লি থেকে ঢাকা আনা হয়েছে।

সন্ধ্যায় মরদেহ ধানমন্ডির বাসায় নেওয়া হয় বলে কফিলের ভাই মো. হানিফ জানিয়েছেন।

আমিনবাজারের হিজলা গ্রামের পাশে বড় মসজিদে জানাজা শেষে রাতেই তাকে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

ভারতের দিল্লির একটি হাসপাতালে রোববার সন্ধ্যায় মারা যান কফিল উদ্দিন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল কফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে।

শোকবার্তায় কফিল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কফিল উদ্দিনের বাবা জয়নাল আবেদীন পরিবহন ব্যবসায় যুক্ত হন। সেই সময়ে ছোট ছেলে মো. হানিফের নামে হানিফ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন তিনি।

বিএনপির রাজনীতিতে যুক্ত কফিল উদ্দিন সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সাভার উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি কফিল উদ্দিন দীর্ঘদিন নানা অসুখে ভুগছিলেন।

উন্নত চিকিৎসার জন্য তিনি মাসখানেক আগে ভারত যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।