১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে আটকে দেওয়ার কারণকে ‘আশ্চর্যজনক’ বলছেন সোহেল তাজ

“আমি তো এর মধ্যেই অনেকবার বাইরে গেলাম। শেষ গত জুনেও গেলাম, তো এখন এটা এরকম আশ্চর্যজনক কারণ,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 11:54 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

‘বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিধিনিষেধের’ কারণে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়াকে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আমি তো এর মধ্যেই অনেকবার বাইরে গেলাম, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অনেকবারই যাওয়া হয়েছে। শেষ গত জুনেও গেলাম, তো এখন এটা এরকম আশ্চর্যজনক কারণ।

“এ রকম (বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে বিধিনিষেধ) আমাকে কোনো নোটিসও দেওয়া হয় নাই, জানানো হয় নাই।”

বুধবার বিকালের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের যাওয়ার কথা ছিল। তবে হযরত শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পর তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

এর কারণ হিসেবে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে।”

সোহেল তাজ বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, দেখি আগামীকাল (রোববার) তারা কী বলে। আশা করছি, আরো জানতে পারব। বিস্তারিত আগামীকাল (রোববার) জানাব।”

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ওই নির্বাচনের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

তবে একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান সোহেল তাজ।