১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের গাড়ির যন্ত্রাংশ ‘চুরির চেষ্টা’, পিটুনি দিয়ে পুলিশে

“এর আগেও বিচারকদের গাড়ির পার্টস একাধিকবার চুরি হয়েছে। চোরেরা এসব পার্টস বিক্রি করে দুই-তিনশ টাকায়, অথচ নতুন করে কিনতে ড্রাইভারদের গুনতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা।”

বিচারকের গাড়ির যন্ত্রাংশ ‘চুরির চেষ্টা’, পিটুনি দিয়ে পুলিশে
আটক মো. রোহান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 02:20 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

ঢাকার আদালতপাড়ায় এক বিচারকের গাড়ির ‘যন্ত্রাংশ চুরির চেষ্টার’ অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের গাড়ি রাখার জায়গা থেকে মো. রোহান নামের ১৯ বছরের ওই যুবককে পুলিশে দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক-আব্দুল্লাহ আল মামুনের ‘গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়েছিলেন’ রোহান। পরে বিচারকদের গাড়ির কয়েকজন চালক তাকে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করে। 

বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের গাড়িচালক মো. ওমর ফারুক তখন সেখানে ছিলেন। 

তিনি বলেন, “এর আগেও বিচারকদের গাড়ির পার্টস একাধিকবার চুরি হয়েছে। চোরেরা এসব পার্টস বিক্রি করে দুই-তিনশ টাকায়, অথচ নতুন করে কিনতে ড্রাইভারদের গুনতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা।”

ওমর ফারুক বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে ড্রাইভার মো. নাসির উদ্দিন দেখেন, ওই যুবক বিচারকদের গাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দেখা যায়, সে একটি গাড়ির পার্টস খুলে নিচ্ছে। 

“তাকে দেখে নাসিরসহ কয়েকজন ধরে ফেলে। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।”

ধরার পর রোহানকে মারধর করা হয়। তাতে তিনি কিছুটা আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরি করার সময় এক যুবককে আটকের পর থানায় পাঠানো হয়েছিল। তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য তাকে ডিএমপির লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।”