১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বেতনভাতার দাবিতে বিক্ষোভে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

রাম প্রসাদ গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সহকারী প্রোডাকশন ম্যানেজার ছিলেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

বেতনভাতার দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পোশাক কারখানার একটি কর্মী অসুস্থ হয়ে মারা গেছেন। 

রোববার বেলা ৩টার দিকে রাম প্রসাদ সিং জনি (৪০) নামের পোশাককর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেছেন, হাসপাতালে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন।

“চিকিংসকের সাথে কথা বলে যতটুকু জানা গেছে স্ট্রোক করেছিলেন তিনি।”

রাম প্রসাদ গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সহকারী প্রোডাকশন ম্যানেজার ছিলেন। ওই কারখানা মালিকের ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে।

২০২৩ সালের অগাস্টের দিকে চাকরিচ্যুত ওই দুই পোশাক কারখানার প্রায় ১৮০০ কর্মী বকেয়া বেতনভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বলে রাম প্রসাদের সহকর্মী সামসুল আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রম ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া রাম প্রসাদের শরীর সকাল থেকে খারাপ ছিল। দুপুরের পর তিনি হঠাৎ ঢলে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।”

রাম প্রসাদ মিরপুরের শেওড়াপাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ী লালমনিরহাটে।

এই ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা সহকর্মীরা ভাবছেন কি না জানতে চাওয়া সামসুল আলম বলেন, তারা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।