০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রেল কর্মকর্তা খুনের মামলায় ‘প্রেমিকা’ কারাগারে

মামলার অভিযোগ অনুযায়ী, বছর খানেক আগে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে সম্পর্কে জড়ান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 11:48 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঢাকার মহাখালীতে রেলওয়ে কর্মকর্তাকে হত্যার মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন বিউটি আক্তারকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান।

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন। 

নিহত মামুন মিয়া রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ছিলেন। গত শনিবার ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেন মামুনের চাচা মো. শমসের আলী।

মামলার অভিযোগ অনুযায়ী, বছর খানেক আগে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিষয়টি মামুনের পরিবার জানত না। 

“শুক্রবার চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসে। মহখালীর টিবি গেইট এলাকায় একটি কক্ষ ভাড়া নেয়। মামুনকে সেখানে আসতে বলে দেখা করার জন্য। শনিবার সকাল ১১টার দিকে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন।”