Published : 22 Jul 2026, 12:22 AM
নিকোটিন পাউচের মান প্রণয়নে বিএসটিআই গঠিত কমিটিতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল বা তামাকবিরোধী সংস্থাগুলোর কোনো প্রতিনিধিত্ব না রাখায় ক্ষোভ প্রকাশ করেছে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মা।
সেই সঙ্গে দেশে নিকোটিন পাউচ নিষিদ্ধেরও দাবি তুলেছে তারা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি ক্ষোভ প্রকাশ করে বলেছে, “সম্প্রতি বিএসটিআই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ট্যোবাকো এন্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকিনিক্যাল নামে গঠিত কমিটিতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংস্থাগুলোর কোনো প্রতিনিধি রাখেনি তারা।
অথচ এই কমিটিতে তামাক কোম্পানি যুক্ত রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিক্যাল ৫ দশমিক ৩ লঙ্ঘন।”
জনস্বাস্থ্যের জন্য নিকোটিন পাউচ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্ণনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তামাক কোম্পানি নিকোটিন পাউচকে তুলনামূলক কম ক্ষতিকর বলে দাবি করলেও ডব্লিওএইচও স্পষ্টভাবে সতর্ক করেছে, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি সৃষ্টি করে। শিশু-কিশোরদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করাসহ হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
“বিশ্বব্যাপী এসব পণ্যের সবচেয়ে বড় গ্রাহক হয়ে উঠছে কিশোর ও তরুণ প্রজন্ম। ইতিমধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, রাশিয়াসহ কমপক্ষে ১৬টি দেশ তাদের জনস্বাস্থ্য ও তরুণদের মধ্যে আসক্তি রোধে নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।”
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিষিদ্ধের প্রস্তাব করা হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা বিবেচনা করা হয়নি। এখন পণ্যটি বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশের মত বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করতে হবে।”