১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: ‘অবশ্যই’ তদন্ত করব, বললেন প্রধান উপদেষ্টা

“অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ভ বা বাকরুদ্ধ,” বলেন তিনি।

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: ‘অবশ্যই’ তদন্ত করব, বললেন প্রধান উপদেষ্টা
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার এক ভিডিওবার্তায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা অবশ্যই তদন্ত করব। তদন্তে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে—সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে।”

এদিন মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ ফাইটার জেটটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “আমার মত সারাদেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে! আমরা কেউ কল্পনা করিনি। কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।”

দুর্ঘটনায় শিশুদের হতাহতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “মা-বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না।

“অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ভ বা বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নাই। এখনো লাশ আসছে হাসপাতালে। এখনো হাসপাতালে মারা যাচ্ছে।”

তিনি বলেন, “মা-বাপ এখনো খোঁজ নিচ্ছে—আমার সন্তান কোথায়? তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা? যাদের লাশ দেখছি, তার মধ্যে আমার সন্তান আছে কিনা? পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল।”

হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “কারণ যারা আহত, তাদের জন্য এটা ভালো না। তারা, তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা-মা, আত্মীয়স্বজন—সবাইকে আমাদের সহানুভূতি জানাচ্ছি।”

মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের যত সন্তান আছে, সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু আপনাদের সান্ত্বনা, এটা বিরাট ব্যাপার। আমরা আপনাদের সঙ্গে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে।”

আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবসে সকলকে নিহতদের স্মরণ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফেরাত কামনা করব। আপনাদের আল্লাহ আপনাদের শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দিন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুক।”

আরও পড়ুন:

মাইলস্টোন কলেজে আছড়ে পড়ল বিমান বাহিনীর উড়োজাহাজ, নিহত অন্তত ২০