২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

“আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, বর্ষা-পূর্ববর্তী এ বৃষ্টি ও কালবৈশাখী ঝড আবহাওয়ার স্বাভাবিক পরিক্রমার অংশ।”

কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 03:13 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বুধ ও বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।

সেইসঙ্গে বুধবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কোথাও তুলে ধরা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। 

অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, বর্ষা-পূর্ববর্তী এ বৃষ্টি ও কালবৈশাখী ঝড আবহাওয়ার স্বাভাবিক পরিক্রমার অংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। 

কাজী জেবুন্নেসা বলেন, "বছরের এ সময়ে বৃষ্টি ও কালবৈশাখী স্বাভাবিক। মঙ্গলবারও দেশের কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবারও কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বা  অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।"

বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এই সময়ে নেত্রকোণায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ 

৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় এবং শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।